ইসরায়েলি কারাগারে ‘খেতে না দিয়ে’ ফিলিস্তিনি কিশোরকে হত্যা


দখলদার ইসরায়েলের মেগিদ্দো কারাগারে গত মাসে হঠাৎ করে পড়ে যায় ফিলিস্তিনি ১৭ বছর বয়সী কিশোর ওয়ালিদ আহমেদ। এর আগে ছয় মাস কোনো অভিযোগ ছাড়াই ইসরায়েলের কারাগারে বন্দি ছিলেন এই ফিলিস্তিনি। পরে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওয়ালিদ।

তার মৃত্যুর সবচেয়ে বড় কারণ ছিল খেতে না দেয়া। যে চিকিৎসক ওয়ালিদের ময়নাতদন্ত প্রত্যক্ষ করেছেন তিনি জানিয়েছেন এমন ভয়াবহ তথ্য। খবর এপির।

ওয়ালিদের পরিবারের সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে তার ময়নাতদন্ত করে ইসরায়েলিরা। সেটি প্রত্যক্ষ করেন চিকিৎসক ড্যানিয়েল সলোমন। তিনি জানিয়েছেন, ওয়ালিদ তীব্র পুষ্টিহীনতা, প্রদাহ, কোলনের সমস্যা ও স্ক্যাবিসে ভুগছিল।

বার্তাসংস্থা এপি এই ময়নাতদন্তের একটি কপি হাতে পেয়েছে। যদিও এতে মৃত্যুর স্পষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে রিপোর্টে বলা হয়েছে, আহমেদের ওজন অস্বাভাবিক রকম কম এবং তার পেশী সরু হয়ে গিয়েছিল। এর আগে গত ডিসেম্বরে ওয়ালিদ অভিযোগ করেছিল তাকে পর্যাপ্ত খাবার দেয়া হচ্ছে না।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামাস ও দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরুর পর ইসরায়েলি কারাগারে যত ফিলিস্তিনির মৃত্যু হয়েছে ওয়ালিদ তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিল। তার পরিবার জানিয়েছে, গত সেপ্টেম্বরের এক ভোরে দখলকৃত পশ্চিমতীরে তাদের বাড়িতে হানা ইসরায়েলি সেনারা। তখন ওয়ালিদকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় তারা। ওয়ালিদের বিরুদ্ধে অভিযোগ ছিল সে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com