রাশিয়ার সদস্যপদ স্থগিতের প্রস্তাব পাস, ভোট দেয়নি বাংলাদেশ


ইউক্রেনে হামলার ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার সদস্যপদ স্থগিতের একটি প্রস্তাব পাস হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে জাতিসংঘের সাধারণ পরিষদে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। খবর আল-জাজিরার।

জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনে রাশিয়ার হামলার ইস্যুতে এ নিয়ে তৃতীয়বারের মতো সাধারণ পরিষদে ভোটাভুটি হলো। সবশেষ বাংলাদেশ মানবাধিকার রক্ষায় ইউক্রেনের একটি প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে এবার বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো ভোটদানে বিরত ছিল।

জানা গেছে, সাধারণ পরিষদে প্রস্তাবটির পক্ষে ৯৩ ভোট পড়ে। বিপক্ষে পড়েছে ২৪ ভোট। তবে এবার রেকর্ড সংখ্যক ৫৮টি সদস্য দেশ ভোট দান থেকে বিরত থাকে। তবে ভোটদানে বিরত থাকা দেশগুলোর ভোট চূড়ান্ত গণনা থেকে বাদ যাওয়ায় ভোটাভুটিতে অংশ নেয়া সদস্য দেশগুলোর দুই তৃতীয়াংশের বেশি ভোটে প্রস্তাবটি পাস হয়।উল্লেখ্য, রাশিয়া জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের মধ্যে একটি। সেই দেশকে জাতিসংঘের একটি সংস্থার সদস্যপদ স্থগিতের প্রস্তাব সাধারণ পরিষদে পাস হওয়াকে আন্তর্জাতিকভাবে খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com