করোনায় ভারতের পশ্চিমবঙ্গে সব স্কুল-কলেজ-মাদরাসা বন্ধ


করোনা ভাইরাস আতঙ্কে সোমবার থেকে ভারতের পশ্চিমবঙ্গে সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। প্রাথমিকভাবে ৩১ মার্চ পর্যন্ত স্কুল, কলেজ ও মাদরাসা বন্ধ রাখা হবে জানা গেছে। তবে সূচি অনুযায়ী শেষ হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, ৩০ মার্চ বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। পাশাপাশি সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

ভারতে এখন পর্যন্ত করোনায় প্রায় ৮০ জন আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে দুইজনের। তবে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভয়। সংক্রমণ এড়াতে কলকাতার রাস্তাতেও প্রায় সবাই ব্যবহার করছেন মাস্ক। ঘনঘন ব্যবহার করছেন স্যানিটাইজারও। যতটা সম্ভব জমায়েত এড়ানোর চেষ্টা করছেন সবাই।

প্রশাসনের পক্ষ থেকেও একাধিক ব্যবস্থা নেয়া হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার থেকে রাজ্যের সব স্কুল, কলেজ ও মাদরাসায় ছুটি ঘোষণা করা হয়। এর আগে রাজধানী দিল্লিসহ বিভিন্ন জায়গায় ইতোমধ্যেই স্কুল ছুটির নির্দেশ দেয়া হয়েছে। বিভিন্ন রাজ্যে শপিংমল, সিনেমা হল, রেস্টুরেন্ট খোলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com