ফেসবুক লাইভে এসে সেনাকর্মকর্তার এলোপাতাড়ি গুলি, নিহত ১২


থাইল্যান্ডের কোরাট শহরে এক সেনাকর্মকর্তার এলোপাতাড়ি গুলিতে অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। প্রথমে ওই ঘাতক সেনা ক্যাম্পে তার কমান্ডারের দিকে গুলি করেন।

পরে আরও দুই সহকর্মীর ওপর গুলি চালান তিনি। পরে তিনি মুনাং জেলার একটি শপিং মলে প্রবেশ করে তাণ্ডব চালান। সেনাবাহিনীর সেকেন্ড কমান্ডার লে. জেনারেল থানাইয়া ক্রিয়াটিসার্নের বরাত দিয়ে ব্যাংকক পোস্ট এ তথ্য জানায়।

এ সময় তিনি নিজের মোবাইলে সেলফি মুডে ফেসবুক লাইভ দিচ্ছিলেন। তবে এ লাইভের কিছুক্ষণ পরই তার মোবাইলে ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত কতজন আহত হয়েছেন তার হিসেব পাওয়া যায়নি।

থাইল্যান্ডের পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ওই বন্দুকধারী একটি মেশিনগান ব্যবহার করে নির্দোষ ব্যক্তিদের হতাহত করেন। ওই এলাকাটি এখন পুলিশ ঘিরে রেখেছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com