ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির পরিচালক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান সুস্থ আছেন। রোববার (১৫ মার্রচ) রাত সাড়ে ১১টার দিকে জানানো হয়েছে এ তথ্য।
এদিন রাতে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট পেজ থেকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, আলহামদুলিল্লাহ, রাকিব ভাই সুস্থ আছেন। গুজবে কেউ কান দেবেন না। যারা এই ফেক নিউজ শোনার সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে আমাদের সবাইকে ফোন অথবা মেসেজ দিচ্ছেন, তাদের সবাইকে বলছি- আপনারা দুশ্চিন্তা করবেন না। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসার মানুষ সুস্থ আছেন। সবাইকে একসঙ্গে উত্তর দিতে না পারায় আমরা দুঃখিত।
রাকিব হাসান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসেও নিশ্চিত করেছেন তার সুস্থতার বিষয়টি। এ সময় জানানো হয়, কেউ বিভ্রান্ত হবেন না। রাকিব হাসানের কোনো দুর্ঘটনা হয়নি। আপনারা যে কারণে খুব বেশি চিন্তা করছেন, সেটি ভুল সংবাদ। আমরা জানি না এটি কীভাবে ছড়াল।
এছাড়াও লাইভে রাকিব হাসানকে বলতে শোনা যায়, আমি নিজেও আন্তরিকভাবে দুঃখিত। অনেকেই আমার কাছে বিষয়টি জানার জন্য ফোন করেছেন। সবাইকে তাৎক্ষণিকভাবে রেসপন্স করতে পারিনি আমি। সবাই দোয়া করবেন, আলহামদুলিল্লাহ্, আমি ভালো আছি।
উল্লেখ্য যে, এর আগে রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়। কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় প্রকাশ্যে এলোপাতাড়ি গুলির ঘটনায় মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর ঢামেকে মৃত্যু হয়েছে তার।
এ ঘটনায় জানা যায়, নিহত রাকিবুল ইসলাম পুরান ঢাকার নিমতলি এলাকার তরিকুল ইসলাম খোকনের ছেলে ও শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি সে কনটেন্ট ক্রিয়েটর ছিল। আর এই রাকিবুল ইসলামকে অনেকেই ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির রাকিব হাসান মনে করেন।
প্রসঙ্গত, ২০১৮ সালে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি চ্যানেল দিয়ে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করেন রাকিব হাসান। বাস্তব জীবনের ছোট ছোট বিভিন্ন ঘটনাকে হাস্যরসভাবে উপস্থাপন করে অল্প সময়ের মধ্যেই সবার পরিচিতি লাভ করেন। কনটেন্ট ক্রিয়েটরের পাশাপাশি লেখক হিসেবেও পরিচিতি রয়েছে তার।
রাকিব হাসানের লাইভভিডিও দেখতেক্লিক করুন এখানে।