‘রঙ্গনা’ মুক্তির পরই সবার ভুল ভাঙবে: শাবনূর


ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘ বিরতি ভেঙে তরুণ নির্মাতা আরাফাত হোসেনের রঙ্গনা সিনেমা দিয়ে আবার ফিরছেন পর্দায়।

সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ্যে আসে। এরপর থেকে আলোচনার পাশাপাশি সমালোচিত হতে হয় শাবনূরকে।

রঙ্গনা সিনেমা নিয়ে এবার মুখ খুললেন নায়িকা। সিনেমাটি মুক্তির পর সবার ভুল ভাঙবে বলেও জানান তিনি।

শাবনূর বলেন, যে পোস্টার প্রকাশিত হয়েছে এটা একটি ডামি মাত্র। সিনেমাটির কাজ শুরু করি, নতুন পোস্টার আসুক, সিনেমা মুক্তি পাক তাহলে দেখবেন আমার মতো দর্শকও এ গল্প পছন্দ করেছে।

তিনি আরও বলেন, আমি আবারও বলছি, আমাকে যারা ভালোবাসেন তারা আমাকে ভালো কাজে দেখতে চান। আমি ভালো কাজ দিয়ে ফেরার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। যে সিনেমা দিয়ে ফিরছি সে কাজটি মুক্তির পরই সবার ভুল ভাঙবে। পরিচালক তরুণ হলেও কাজটি তাঁর নতুন নয়। দারুণ একটি সিনেমাই তিনি উপহার দেবেন।

সব কিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে রঙ্গনা সিনেমার শুটিং। এটি দুই ঈদের একটিতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।

এর আগে চয়নিকা চৌধুরীর নির্মাণে মাতাল হাওয়া সিনেমার মাধ্যমে ফেরার গুঞ্জন উঠলেও শাবনূর জানান, মাতাল হাওয়া সিনেমাটি এখনো চূড়ান্ত নয়। এ সিনেমা নিয়ে এখনো বিস্তারিত আলাপ বাকি রয়ে গেছে। প্রস্তাব পেয়েছি মাত্র। আগে গল্প ও চিত্রনাট্য দেখি, তারপর ব্যাটে-বলে মিললে অবশ্যই সিনেমাটি করব।


Copyright (c) 2019-2026 bzamin24.com