এবার বাপ্পীর ‘প্রিয় কমলা’ অপু বিশ্বাস


অভিনেতা, পরিচালক ও প্রযোজক শাহরিয়ার নাজিম জয় নতুন সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন। সিনেমার নাম প্রিয় কমলা। এরই মধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। আর এই সিনেমায় বাপ্পীর নায়িকা হচ্ছেন অভিনেত্রী অপু বিশ্বাস।

১৩ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন শাহরিয়ার নাজিম জয়। তিনি বলেন, চলতি মাসের ১৮ তারিখ শুটিং শুরু হবে। সিনেমাটিতে কাজ করতে মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন অপু বিশ্বাস। বর্তমানে তিনি ঢাকার বাইরে আছেন, ঢাকায় ফিরলেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হবেন তিনি। চলতি বছরের ১৬ ডিসেম্বরে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে সিনেমাটি।

সিনেমাটি প্রসঙ্গে বাপ্পী চৌধুরী বলেন, ১১ নভেম্বর রাতে আমি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। চ্যানেল আইয়ের সাগর ভাইয়ের ইচ্ছায় আমি সিনেমাটিতে যুক্ত হয়েছি। সিনেমাটিতে আমার নায়িকা হতে যাচ্ছেন অপু বিশ্বাস। এরই মধ্যে তাঁর সঙ্গে একটি সিনেমার কাজ আমি শেষ করেছি, সেজন্য আমাদের বোঝাপড়া ভালো। আশা করি ভালো কিছু হবে। এর বেশি কিছু এখন জানাতে চাই না। আনুষ্ঠানিকভাবে সব কিছু ঘোষণা করা হবে।

জানা গেছে, সিনেমাটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। ২০১৫ সালে জয়ের চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হয়। তাঁর পরিচালিত প্রথম সিনেমার নাম প্রার্থনা।


Copyright (c) 2019-2026 bzamin24.com