স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে বন্ধুকে খুন


শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পশ্চিম গেরাপচা গ্রামে সাবেক স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে আবু সাইদ (২৬) নামে এক যুবককে কুপিয়ে খুন করেছেন প্রতিবেশী মাহফুজ (৪৫)।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে নালিতাবাড়ি থানার ওসি বছির আহম্মেদ বাদল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৬ জুলাই) রাত ১২টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তি হলেন, পশ্চিম গেরাপচা গ্রামের ইমান আলীর ছেলে দিনমজুর মাহফুজ। নিহত ব্যক্তি একই গ্রামের নজরুল ইসলামের ছেলে ইলেকট্রিক মিস্ত্রী আবু সাইদ।

পুলিশ জানায়, আবু সাইদ-মাহফুজ দুই বন্ধু ও প্রতিবেশী। প্রায় তিন বছর আগে মাহফুজের স্ত্রী চার সন্তানের মা মিনারা ওমানে যান। পরে দুই বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরেন। এরপর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় মিনারা প্রায় বছর খানেক আগে মাহফুজকে তালাক দিয়ে বাবার বাড়ি দিনাজপুরে চলে যান। তবে স্ত্রী চলে যাওয়ায় মাহফুজ প্রতিবেশী আবু সাইদকে মনে মনে সন্দেহ করতে থাকেন।

এদিকে প্রতিশোধ নিতে সাইদের সঙ্গে সম্পর্ক গভীর করে। পরে বুধবার (৬ জুলাই) রাতে পূর্ব পরিকল্পিতভাবে সাইদকে মাছ ধরতে মাঠে নিয়ে যান মাহফুজ। এ সময় রাত ১১টার পর ফিরে একসঙ্গে স্থানীয় এক দোকানে আড্ডা দেন। এ সময় দূর থেকে মাহফুজ সাইদকে ডেকে নিয়ে হঠাৎ ঘাড়ের পেছনে সজোরে দা দিয়ে পরপর দুটি কোপ দেন। এতে সাইদের মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় সাইদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অন্যদিকে অভিযুক্ত মাহফুজ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একই দিন রাত সাড়ে ১২টার দিকে তাকে আটক করে পুলিশ।

নালিতাবাড়ি থানার ওসি বছির আহম্মেদ বাদল বলেন, নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মনে হয়েছে পরকীয়ার জেরেই এ হত্যার ঘটনা ঘটে। ছেলে নিহত হওয়ার পর বাবা নজরুল বারবার জ্ঞান হারাচ্ছেন। তার জ্ঞান ফিরলে এ হত্যার সঙ্গে আরও কোনো কারণ আছে কি না, তা জানা যাবে। ঘাতক মাহফুজ হত্যার দায় স্বীকার করেছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com