হাসপাতালের সামনে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ছুরিকাঘাতে এক তরুণ খুন হয়েছে। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, বলে পুলিশের দাবি। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে হত্যাকাণ্ডটি ঘটে।

নিহতের নাম নাজিম আহমদ (১৯)। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নুর মিয়ার ছেলে। নগরীর দরগাহ মহল্লায় বাসা ভাড়া করে থাকতেন তিনি। নাজিম পেশায় হোটেল শ্রমিক।

খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সেখান থেকে জুয়েল আহমদ (২৪) নামের একজনকে আটক করা হয়। জুয়েল নগরীর মুন্সীপাড়ার বাসিন্দা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) আজবার আলী শেখ বলেন, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জুয়েল নাজিমকে ছুরিকাঘাত করেন। এতে নাজিমের মৃত্যু হয়।

আটক করা জুয়েলের বিরুদ্ধে আরও মামলা রয়েছে বলে জানান আজবার আলী শেখ।


Copyright (c) 2019-2026 bzamin24.com