বড় ভাইয়ের উপর্যুপরি ছুরিকাঘাতে ছোট ভাই খুন


কুমিল্লার চৌদ্দগ্রামে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের পাইকোটা গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা। নিহত হাফেজ আহম্মেদ (৫০) পাইকোটা গ্রামের উত্তর পাড়া হাজী বাড়ির আবদুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে আজ শুক্রবার সকাল ১১টায় গ্রামের একটি চা-দোকানে পাইকোটা গ্রামের আবদুল মজিদের বড় ছেলে আব্দুল মালেক (৬৫) ও তার ছোট ভাই হাফেজ আহম্মেদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে ওই দোকানের কাজে ব্যবহৃত একটি ছুরি দিয়ে বড় ভাই তার ছোট ভাইয়ের মুখ, পেট, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ছোট ভাইয়ের মৃত্যু হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. আলী হায়দার জানান, হত্যায় অভিযুক্ত আব্দুল মালেক একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। আর তার ছোট ভাই হাফেজ আহম্মেদ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

তিনি আরও জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দেখি বেপরোয়া মালেক পালিয়ে যাচ্ছেন। তিনি আগে থেকেই উশৃঙ্খল স্বভাবের। এলাকার কেউ তাকে পছন্দ করেন না। এর আগেও তিনি এলাকায় অনেক মানুষকে মারধর করেছেন।

ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ঘটনাটি প্রকাশ্য দিবালোকে হয়েছে। বড় ভাই আব্দুল মালেক তার ছোট ভাই হাফেজ আহম্মেদকে একাধিকবার ছুরিকাঘাত করেই পালিয়ে যান। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আব্দুল মালেককে ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com