জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মধ্যপাড়া এলাকায় ১২ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইছাহাক আলী নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক জাহিদুল ইসলাম।
গ্রেফতারকৃত ইছাহাক আলী তিলাবদুল মধ্যপাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে।
র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক জাহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় হাফেজিয়া মাদ্রাসার ওই শিক্ষার্থীর বাবা পেশায় একজন ভ্যানচালক, আর মা শ্রমিকদের ভাত রান্নার কাজ করেন। গত মঙ্গলবার শিক্ষার্থীকে বাড়িতে একা রেখে বাবা-মা কাজে গেলে অভিযুক্ত ইছাহাক তাকে একা পেয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলার পর বিষয়টি র্যাবের নজরে আসলে উপজেলার শিশি নাজিরপাড়া এলাকা থেকে শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।