মহেশপুরে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক


ঝিনাইদহে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। মহেশপুর উপজেলার সলেমানপুর দারুল উলুম কওমি মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক হাসানুজ্জামানকে (৪০) আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সলেমানপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে হাসানুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার দুশিশু শিক্ষার্থীকে পৃথক দিনে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশু দুটি পরিবারের কাছে বিষয়টি প্রকাশ করলে এলাকায় এ নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়। এরপর ম্যানেজিং কমিটিসহ এলাকাবাসী সালিশ বৈঠক বসায়। খবর পেয়ে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলামের নির্দেশে এসআই ইউনুস আলী তাকে আটক করে।

এ ব্যাপারে মাদ্রাসার সভাপতি মাওলানা হাফিজুর রহমান জানান, ঘটনার সত্যতা পেয়েছি। পুলিশ তাকে আটক করেছে। এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আটক করার পর ভিকটিমের পরিবার পৃথক ২টি ধর্ষণ অভিযোগ দায়ের করে। মামলা রেকর্ড করে মঙ্গলবার বিকালের দিকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com