দুই মামলায় স্বাস্থ্যের গাড়িচালক মালেক ১৪ দিনের রিমান্ডে


স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহন পুলের গাড়িচালক আব্দুল মালেককে পৃথক দুটি মামলায় ১৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে আসামি মালেককে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তুরাগ থানার এসআই রুবেল শেখ মামলা সুষ্ঠু তদন্তের জন্য বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনের মামলায় তাকে ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জি.এম মিজানুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুটি মামলায় ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল রবিবার রাজধানীর তুরাগের কামারপাড়ার ৪২ নম্বর বামনের টেক হাজী কমপ্লেক্সের তৃতীয় তলার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, দেড় লাখ টাকার জালনোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে তুরাগ থানায় অস্ত্র আইন ও জাল টাকার দুটি মামলা দায়ের করা হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com