চোরাই মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তন করে বিক্রি, গ্রেফতার এক


চুরি হওয়া কিংবা অপরাধকর্মে ব্যবহৃত মোবাইল সেটসমূহের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই) নাম্বার পরিবর্তন করে তা বিক্রি করে দিতেন বিভিন্ন নামী-দামী শপিং সেন্টারে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানা পুলিশ রবিবার এমন প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করার পর এ তথ্য বেরিয়ে এসেছে।

গ্রেফতারকৃতের নাম, আহসান হাবীব (২৪)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া থানার হাতিয়ার পুল বাজার গ্রামের আবুল কাশেমের ছেলে।

রবিবার বিকাল ৫.২৫ টায় চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারের হাসিনা হক মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার হেফাজত থেকে দুটি ল্যাপটপ, ৫টি মোবাইল ফোন, বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের এক বক্স সিম কার্ড ও আইএমইআই পরিবর্তনের কাজে ব্যবহৃত আরো বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেয়া চট্টগ্রাম কোতোয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) সজল কান্তি দাশ জানান, গ্রেফতারকৃত আহসান হাবীব বিভিন্ন দোকানদার ও ব্যক্তির নিকট হতে বিভিন্ন নামী-দামী ব্র্যান্ডের চোরাই ও অপরাধকর্মে ব্যবহৃত মোবাইল ফোন সংগ্রহ করে টাকার বিনিময়ে উক্ত মোবাইল ফোনের মূল আইএমইআই পরিবর্তন করে দিতেন। যার ফলে মোবাইল ফোনের প্রকৃত মালিক মোবাইল ফোনটি আর খুঁজে বের করতে পারতেন না। এরপর প্রতারকরা নগরীর বিভিন্ন নামী-দামী শপিং সেন্টারে পুনরায় মোবাইল ফোনটি বিক্রি করা দিতেন।

এ বিষয়ে তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালী থানায় মামলা রুজু হয়েছে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com