তুচ্ছ ঘটনার সূত্র ধরে ভাতিজার লাঠির আঘাতে নিহত হয়েছেন চাচা ইউসুফ শেখ। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে আজ শনিবার সকালে। নিহত ইউসুফ শেখ উক্ত গ্রামের রিজায়উদ্দিন শেখের ছেলে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক পিযুষ কান্তি জানায়, দুই পরিবারের ছেলেকে নিয়ে ইউসুফ শেখ ও তার বড় ভাই মোহাম্মদ আলী শেখ সকালে কথাকাটি করতে থাকে। একপর্যায় ক্রোধের বশবর্তী হয়ে মোহম্মদ আলী শেখের ছেলে জয়নাল শেখ লাঠি দিয়ে তার চাচা ইউসুফ শেখের মাথায় আঘাত করে। এতে ইউসুফ শেখ মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। ঘটনার পর জয়নাল শেখ ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন। ভাঙ্গা থানার অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত ইউসুফ শেখের ছেলে রহমান জানায়, মা-বাবাসহ তিন ভাই এক বোন নিয়ে ছিল তাদের সংসার। চাচাত ভাই জয়নাল পেশায় একজন পিকআপ গাড়ি চালক। আমাদের মা-বাবা দুজনেই আমার চাচাত ভাইকে অনেক ভাল জানতেন। কিন্তু সেই ভাই আজ আমাদের বাবাকে হত্যা করেছে। এতিম করে দিল আমাদের। আমি পিতা হত্যার বিচার চাই একথা বলতেই কান্নায় ভেঙ্গে পরে কিশোর রহমান।