টাঙ্গাইলের ঘাটাইলে তিন স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় তাদেরকে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। এরা হলেন ইউসুফ ও বাবু। ঘাটাইল থানার ওসি মাকছুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল তাদেরকে আদালতে পাঠানো হবে।
গতকাল রোববার সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাতকুয়া পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয় নবম শ্রেণিতে পড়ুয়া ওই তিন ছাত্রী। এ ঘটনায় আজ সোমবার সকালে অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে ঘাটাইল থানায় একটি মামলা হয়। মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার টাঙ্গাইলের ঘাটাইল এসই বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান ছিল। ওই বিদ্যালয়ের নবম শ্রেণির চার ছাত্রী বিদ্যালয়ে এসে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
সেই অনুযায়ী দুপুর দেড়টার দিকে তারা ঝড়কা এলাকায় যায়। সেখানে তাদের সঙ্গে যোগ দেয় বন্ধু হৃদয় ও শাহীন। পরে তারা আশিক নামের এক ব্যক্তির ব্যাটারিচালিত অটোরিকশায় করে সাতকুয়া এলাকায় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জের উত্তর-পশ্চিম দিকে ঘুরতে যায়। এ সময় পাঁচ-সাতজন ব্যক্তি তাদের ঘিরে ফেলে।
সেসময় হৃদয় ও শাহীনকে মারধর করে তিনজনকে ধর্ষণ করে তারা। অপরকে ভাগ্নির মতো দেখা যায় বলে তাকে ধর্ষণ করা থেকে বিরত থাকে। দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আটকে রেখে ধর্ষণ করে পালিয়ে যায় তারা।
পরে ওই চার ছাত্রী সেখানে তাদের একজনের নানীর বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে মোবাইল ফোনে অভিভাবকদের বিষয়টি জানানো হয়। অভিভাবকরা থানা পুলিশকে জানালে তারা চার স্কুলছাত্রীকে উদ্ধার করে। নির্যাতনের শিকার ছাত্রীদের ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।