মাদ্রাসার ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২


ঝালকাঠির রাজাপুরে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসার ছাত্রীকে (১২) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, সাগর খান (১৮) ও হেমায়েত খলিফা (৪০)।

নির্যাতিতর পরিবার জানায়, ওই কিশোরী গেল রোববার বিকেলে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় প্রতিবেশী জালাল হাওলাদার ও সাগর খান মেয়েটিকে জোর করে হেমায়েত খলিফার বাড়িতে নিয়ে যায়। ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনজনেই তাকে পালাক্রমে ধর্ষণ করে।

পরে এ ঘটনা কাউকে না বলতে মেয়েটিকে ভয় দেখানো হয়। এমনকি একথা কাউকে জানালে মেয়েটিকে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয় তারা। মেয়েটি সেখান থেকে ফিরে এসে বিষয়টি পরিবারকে জানায়।

এ ঘটনায় মেয়েটির বাবা গতকাল মঙ্গলবার রাতে রাজাপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতেই অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com