নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলার রসুলপুর ইউনিয়নের শীবপুর গ্রামের আরএনবি ব্রিক ফিল্ডের পরিত্যাক্ত শ্রমিক ঘর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৫ টার দিকে অর্ধ গলা লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাস্থল থেকে রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক সেলিম জানান, দুপুরে ওই ব্রিক ফিল্ডের ওই শ্রমিক ঘর থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে বেগমগঞ্জ থানা পুলিশকে খবর দিলে বিকাল ৫ টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লাশটি অর্ধ গলিত হওয়ায় আশপাশের কেউ তাকে চিনতে পারছে না । ফলে নাম পরিচয় সনাক্ত করা যাচ্ছে না, বয়সও বুঝা যাচ্ছে না। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই নারীকে নির্যাতনের পর হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা লাশ ফেলে গেছে বলে ধারণা করছে এলাকাবাসী।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন উর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, কি ভাবে এই নারীর মৃত্যু হয়েছে তা এই মুহুর্তে বলা যাচ্ছে না। আমরা মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠাচ্ছি। রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে। ওই নারীর পরিচয় নিশ্চিত ও খুনিদের সনাক্ত করার চেষ্টা চলছে।