রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে এক নারীকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি হৃদয়কে রাজধানীর গুলিস্তান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, মাহবুব আলম নামের এক ব্যক্তি হৃদয়কে দেখতে পেয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
এর আগে রোববার (২১ জুলাই) দিনগত রাতে বাড্ডা এলাকা থেকে এই অভিযোগে অভিযুক্ত জাফর, শাহীন ও বাপ্পীকে আটক করা হয়। মোবাইলে ধারণ করা একটি ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়।
জানা যায়, শনিবার (২০ জুলাই) সকালে রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে স্থানীয় একটি স্কুলে যান তাসলিমা বেগম রেনু (৪০)। এসময় তাকে ছেলেধরা সন্দেহে প্রধান শিক্ষকের রুম থেকে টেনে বের করে গণপিটুনিতে হত্যা করা হয়।
এ ঘটনায় বাড্ডা থানায় অজ্ঞাত ৪শ’ থেকে ৫শ’জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের ভাগিনা নাসির উদ্দিন।