নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ রবিবার (১৮ অক্টোবর) এই আবেদন করা হয়। পরে হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চ এ বিষয়ে শুনানির জন্য আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) দিন ধার্য করেন।
আদালতে নিক্সন চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শাহদীন মালিক।
ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন-এই তিন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ সংসদীয় আসন। ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে নিক্সন চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন। ওই দুইবার এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ।