ফুটপাত দখলকারীদের সতর্ক করল ডিএমপি


রাজধানীতে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রাথমিক এই অভিযানে তাদের সতর্ক করা হয়েছে।

অভিযানকালে অবৈধভাবে ফুটপাত ব্যবসায়ীদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে ব্যবসায়ীদের সরতে অনুরোধ করা হয়েছে বলে জানান ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ফয়সাল।

বুধবার (১ এপ্রিল) রাজধানীর ফার্মগেট এলাকার ইন্দিরা রোডে অভিযান শেষে এসব বলেন তিনি।

তিনি বলেন, জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে ব্যবসায়ীদের সরতে অনুরোধ করা হয়েছে, কিন্তু পুনরায় ফুটপাত দখল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এখানকার ফুটপাতে যাদের দোকান রয়েছে, সেসবের সঙ্গে ব্যবসায়ীদের রুটি রোজগার জড়িত। আমরা আজকের অভিযানে তাদের বুঝিয়েছি, আপনারা এখান থেকে চলে যান। আগামীতে এই অভিযান চলবে এবং প্রতিনিয়তই কেউ না কেউ তদারকিতে থাকবে। দ্বিতীয়বারের মতো কেউ যদি এখানে দোকান দিয়ে বসে, তাহলে আমরা অ্যাকশনে যাব, জরিমানা করব ও মালামাল জব্দ করব।

ম্যাজিস্ট্রেট বলেন, আমাদের মোটিভ তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া। যারা এক্সটেনশন করেছে, আমরা সেগুলো উচ্ছেদ করেছি। কিন্তু কেউ যদি আবার এক্সটেনশন করে, আমরা সে ক্ষেত্রে পদক্ষেপ নেব।


Copyright (c) 2019-2026 bzamin24.com