পাবনায় পুরনো মোটরসাইকেল কেনার পর তার কাগজপত্র নিয়ে বিরোধের জেরে রিকো হোসেন (৩৫) নামের এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন।
বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে সদর উপজেলার হিমায়েতপুর ইউনিয়নের ছাতিয়ানি পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রিকো ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, রিকো হোসেনের নামে থানায় মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা আছে। রিকোর হত্যাকারী ভোলার নামেও মাদক ও চাঁদাবাজিসহ চারটি মামলা আছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিছুদিন আগে ভোলার কাছ থেকে একটি পুরনো মোটরসাইকেল কেনেন রিকো। সেই মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।
বৃহস্পতিবার রাতে ভোলা মোটরসাইকেলের কাগজপত্র রিকোকে দেওয়ার সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ভোলার ছুরিকাঘাতে গুরুতর আহত হন রিকো। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাবনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্ধু বালা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দেওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।