সংবাদকর্মীদের পেটালেন দোকানিরা, সংঘর্ষে ৮ সাংবাদিকসহ আহত ৪০


রাজধানীতে নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে ৮ সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে দোকানকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক।

আহত ২২ জনকে বেলা ১১ টার দিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়। তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন। তারা হলেন মো. সাজ্জাদ হোসেন (২৫), মো. সেলিম মিয়া (৪০), মো. রাজু (১৮), মো. কাওছার আহমেদ (১৮), মো. আপেল (১৬), মো. সাগর (১৮), মো. রাসেল(১৫), মো. রাহাত (১৯) ও মো. আলী (২২)।

বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।গতকাল সোমবার দিবাগত রাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ বাধে। দিবাগত রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সংঘর্ষ চলে। এরপর আজ মঙ্গলবার সকালে ব্যবসায়ীদের সঙ্গে আবারও সংঘর্ষ শুরু হয়।

দুপুরের দিকে পরিস্থিতি শান্ত করতে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করার জন্য ঢাকা কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধি দল নিউমার্কেট এলাকায় আসেন। তারা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।

তবে শিক্ষকদের প্রতিনিধি দলটিকে দেখে ব্যবসায়ীরা আরও উত্তেজিত হয়ে ওঠেন। এবং তাদের লক্ষ্য করে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে শিক্ষকরা ঘটনাস্থল থেকে ক্যাম্পাসের ভেতরে চলে যান। তখন কয়েকজন নারী শিক্ষককে মাটিতে পড়ে যেতে দেখা গেছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com