আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা দেবেন মেয়র তাপস


নীলক্ষেতে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দিবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তাদরে ব্যবসা চলমান রাখতে এ ঘোষণা দেন মেয়র।

বৃহস্পতিবার নীলক্ষেত বইয়ের মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে এ আশ্বাস দেন তিনি।

ডিএসসিসির মেয়র বলেন, আগুনে কিছু ব্যবসায়ী একেবারে সর্বস্বান্ত হয়ে গেছেন। তারা যাতে পুনরায় ব্যবসা চালু করতে পারেন, এ জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে তাঁদের কিছু সহযোগিতা করা যায় কি না, তা আমরা দেখছি।

আগুনের কারণ সম্পর্কে মেয়র তাপস বলেন, অপরিকল্পিতভাবে ওপরের দিকে দোকান বাড়ানোর কারণেই এ ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। এখন থেকে ব্যবসায়ীদের আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ সময় ডিএসসিসির প্রধান প্রকৌশলী সালেহ আহমেদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, অঞ্চল-১-এর প্রধান নির্বাহী মেরিনা নাজনীন প্রমুখ উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় আগুনের সূত্রপাত ঘটে নীলক্ষেতের বইয়ের মার্কেটে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রায় এক ঘণ্টা ধরে মার্কেটে আগুন জ্বলেছিল। আগুনের চেয়ে ফায়ার সার্ভিসের ছিটানো পানিতে বেশি বই পুড়ে ও ভিজে নষ্ট হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com