রাজধানীর কারওয়ান বাজারে ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৫০) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল রংপুর জেলার কোতোয়ালি থানার তৈয়ব আলীর ছেলে। তিনি কড়াইল বস্তি এলাকায় থাকতেন।
নিহতের চাচাতো ভাই মিলন জানান, প্রতিদিনের মতো আমার ভাই কাওরান বাজারে সবজি কেনার জন্য আসে। মঙ্গলবার সকালে কারওয়ান বাজার এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।