মগবাজারে বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের তদন্ত কমিটি


রাজধানীর মগবাজারে রোববার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত সাত জন মারা গেছে এবং অর্ধশতাধিক আহতের খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

এই কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানকে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- উপ-পরিচালক (ঢাকা) দিনমণি শর্মা, সহকারী পরিচালক (ঢাকা) ছালেহ উদ্দিন আহমেদ, উপ-সহকারী পরিচালক (ঢাকা জোন-১) মো. বজলুল রশিদ ও পরিদর্শক (ওয়্যার হাউজ) দেবব্রত মণ্ডল। আগামী তিন কার্যদিবসের মধ্যে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার (২৮ জুন) সকাল পর্যন্ত সবশেষ খবরে জানা গেছে, বেশ কয়েকজন ঢামেক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। দগ্ধদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের চিকিৎসাধীন আছেন যারা- রাসেল (২৪), জাকির হোসেন (৪০), স্বপন (২২), নয়ন (৩২), মোতালেব (৪০), আবুল কালাম (৩৫), মো. পইমল হোসেন (৪০), মোস্তাফিজ (৪৫), নবী (২৮), আজাদ (৩৫) ও ইমরান। এদের মধ্যে স্বপন নামে একজন মারা গেছেন। মৃত অবস্থায় দুজনকে বার্ন ইন্সটিটিউটে নিয়ে আসা হয়েছে, তাদের দুজনেরও নাম-পরিচয় পাওয়া যায়নি। আবার বেশ কয়েকজন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের প্রধান ডা. সামন্ত লাল সেন বলেন, মগবাজারের দুর্ঘটনায় মোট ১৭ জনকে আমাদের এখানে আনা হয়েছে। তাদের মধ্যে দুজনকে আমরা মৃত অবস্থায় পাই। তিন জন ছিলেন দগ্ধ। এর মধ্যে দুজনকে আইসিইউতে, একজনকে এসডিইউতে রাখা হয়েছে। দগ্ধ তিন জনের অবস্থা খুবই খারাপ। নাইনটি পারসেন্ট বার্ন। তাদের সম্পর্কে এখন কিছু বলা যাচ্ছে না।


Copyright (c) 2019-2026 bzamin24.com