শ্রীলংকার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ


মোহাম্মদ মিঠুনের অনবদ্য ব্যাটিংয়ে প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলংকার প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি জোরদারের ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে টাইগাররা।

এই জয়ে অনন্য অবদান রাখেন মোহাম্মদ মিঠুন। আনঅফিসিয়াল ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে যান তিনি। ২৮৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৫৮ রানে দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন এ উইকেটকিপার ব্যাটসম্যান।

তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ৭৩ রানের জুটি গড়েন মোহাম্মদ মিঠুন। ইনিংসের শুরু থেকে অনবদ্য ব্যাটিং করে যাওয়া জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম ৪৬ বলে ৬টি চার ও এক ছক্কায় ৫০ রান করে আউট হলেও ব্যাটিং চালিয়ে যান মিঠুন।

এরপর মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে ফের জুটি গড়ে তোলেন মিঠুন। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ৯৬ রান। আকিলা ধনাঞ্জয়ার অফ স্পিনে কাবু হয়ে সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ। ৩৭ বলে তিনটি চারের সাহায্যে ৩৭ রান করে রিয়াদ আউট হলেও উইকেটে অবিচল ছিলেন মিঠুন।

ইনিংসের শুরু থেকে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান এ মিডল অর্ডার ব্যাটসম্যান। জয়ের জন্য শেষ দিকে ২৬ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ২১ রান। হাতে ৭ উইকেট। এমন অবস্থায় উইকেট হারান মিঠুন। দুর্দান্ত ব্যাটিং করেও মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি।

সেঞ্চুরি পূর্ণ করতে মিঠুনের প্রয়োজন ছিল মাত্র ৯ রান। এমন অবস্থায় কাসুন রাজিথার গতির বলে ডি সিলভার হাতে ক্যাচ তুলে দেন। তার আগে ১০০ বলে ১১টি চার ও একটি ছক্কায় ৯১ রান করেন মোহাম্মদ মিঠুন।

তবে মিঠুনের বিদায়ে তেমন সমস্যায় পড়েনি বাংলাদেশ। সাব্বির রহমান রুম্মন ও মোসাদ্দেক হোসেন সৈকতের জুটিতে ১১ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।


Copyright (c) 2019-2026 bzamin24.com