দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারলাম না: সাকিব


চলতি বিশ্বকাপের গ্রুপপর্বে থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ গ্রুপপর্বের ৯ ম্যাচের ৩টি জিতে এবং ৫টি হেরে এরইমধ্যে সেমিফাইনাল থেকে ছিটকে গেছে। বৃষ্টিতে ১টি ম্যাচ পরিত্যক্ত হলেও বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফর্ম্যান্স বুঝতে এটুকুই যথেষ্ট।

অন্যদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যক্তিগতভাবে অসাধারণ পারফর্ম্যান্স করেছেন। তিনি ২টি শতক ও ৫টি অর্ধশতকে ৬০৬ রান করেছেন এবং ১১টি উইকেট নিয়েছেন। তবু দলের বাজে পারফর্ম্যান্সের দায় স্বীকার করেছেন তিনি।

শনিবার রয়্যাল ল্যাঙ্কাস্টার লন্ডন হোটেল ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব বলেন, আমি ভালো খেললেও দল সেমিফাইনাল খেলতে পারলো না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা ঠিকভাবে পূরণ করতে পারলাম না।

তিনি বলেন, সবাই যেভাবে আমাদের প্রশংসা করেছে, সেভাবে আমরা খেলতে পারলাম না। বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যাওয়া ম্যাচটার কথা অনেকেই বলছে। কিন্তু এটাতে আমরা হেরেও যেতে পারতাম। এছাড়া আমাদের সুযোগ ছিল, কাজে লাগাতে পারিনি।

তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে যে ইচ্ছা ও মন-মানসিকতা নিয়ে এসেছিলাম, তা অনেকাংশে সফল। রেকর্ডের কথা ভেবে আমি কখনো খেলি না। আক্ষেপ হলো আমরা দল হিসেবে যেভাবে চেয়েছিলাম, সেভাবে খেলতে পারিনি।


Copyright (c) 2019-2026 bzamin24.com