সদরপুরের সন্তান মো. ফজলুর রহমান পিএসসির সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন


ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের নলেরটেক গ্রামের সন্তান মোঃ ফজলুর রহমান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। তাঁর অবসর-উত্তর ছুটি (পিআরএল) ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করে এ নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মোঃ ফজলুর রহমানকে তাঁর অবসর-উত্তর ছুটি (পিআরএল) ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের ৩০ জুলাই তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০২৫ সালের ১৮ মে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন তিনি।

মোঃ ফজলুর রহমান ১৯৬৭ সালের ২৮ নভেম্বর ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা।

১৯৯৯ সালের ২৫ জানুয়ারি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে অনার্সসহ প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সদরপুরের এই কৃতী সন্তান গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্বে নতুন করে নিয়োগ পাওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com