ফরিদপুরের সালথায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সালথা শাখার ভবনে এ ঘটনা ঘটে।
তবে শাখা ব্যবস্থাপক ও কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।
গ্রামীণ ব্যাংক সূত্রে জানা গেছে, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত ব্যাংকটির শাখা ভবনের নিচতলায় রাতে মশাল ও কেরোসিন ব্যবহার করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় ভবনের নিচতলা থেকে ধোঁয়া বের হতে দেখে শাখা ব্যবস্থাপক মো. রাজীব হোসেন ও তাঁর সহকর্মীরা দ্রুত নিচে নেমে আসেন। পরে মোটরের পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন তাঁরা।
শাখা ব্যবস্থাপক মো. রাজীব হোসেন বলেন, রাতে তিনি নিজের কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় জানালা দিয়ে নিচ থেকে ধোঁয়া বের হতে দেখে দ্রুত নিচে নেমে আসেন। সেখানে আগুন জ্বলতে দেখে সহকর্মীদের নিয়ে মোটরের পানি দিয়ে তা নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, সকালে বিষয়টি সালথা থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে খবর পেয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।