ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত


ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার (২ নভেম্বর) রাত ৭টার দিকে ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি এলাকার দুলাল মিয়ার ছেলে এজাজুল মিয়া (২০), নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের শাহাদাৎ সরকারের ছেলে স্বাধীন সরকার (২০) এবং ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে রাজন আলী (২১)।

এ ঘটনায় আহত হয়েছেন নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের রহমান মাতুব্বরের ছেলে নাসিম মাতুব্বর (২০)।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে দুটি মোটরসাইকেলে করে চার তরুণ ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর এলাকায় ঘুরতে যান। এ সময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন। অপর দুই আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই রাজন আলীর মৃত্যু হয়। ফলে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিনজনে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ জানান, ভাঙ্গা গোলচত্বর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত ও দুজন আহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com