সদরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


ফরিদপুরের সদরপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পূজাকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সদরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওনের সভাপতিত্বে সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

সভায় উপজেলা ভূমি কর্মকর্তা মো. পলাশ উদ্দিন, সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. মামুন শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া বিদ্যুৎ সংযোগ ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পূজার সময় জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করা সম্ভব। এ জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com