সদরপুরে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু


ফরিদপুরের সদরপুর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মো. আবদুল্লাহ (১০) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার ভাষানচর ইউনিয়নের বৈদ্যডাঙ্গী গ্রামের মো. বিলায়েত হোসেনের ছেলে এবং বাড়ির পাশের একটি মক্তবের ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এক প্রতিবেশী নারীর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় আবদুল্লাহ। পুকুরটি গভীর হওয়ায় একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা নারীর চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করেন।

পরে গুরুতর অবস্থায় তাকে দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এলাকাজুড়েও শোকের ছায়া বিরাজ করছে।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন শাহ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com