ফরিদপুরের সদরপুর থানা বাজারে অবস্থিত মা জুয়েলার্স থেকে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।
দোকান সূত্রে জানা যায়, গত ১ জুলাই দুই ব্যক্তি ক্রেতা পরিচয়ে দোকানে আসেন। তারা একটি প্রায় এক ভরি ওজনের স্বর্ণের দুল এবং একটি স্বর্ণের চেইন দেখার কথা বলে কৌশলে স্বর্ণালঙ্কার নিয়ে দোকান থেকে চলে যান। পরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন দোকান মালিক।
এ বিষয়ে জুয়েলারি ব্যবসায়ী আশিক তালুকদার সামাজিক যোগাযোগমাধ্যমে দোকানের সিসিটিভি ফুটেজ ও একটি ভিডিও প্রকাশ করে অভিযুক্তদের পরিচয় শনাক্তে সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, ভিডিওতে থাকা ব্যক্তিদের কেউ চিনে থাকলে বা তাদের সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত যোগাযোগ করার পাশাপাশি ভিডিওটি শেয়ার করে পরিচয় শনাক্তে সহায়তা করার অনুরোধ জানান।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তবে এ ঘটনায় কারও কাছে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় অথবা সংশ্লিষ্ট জুয়েলারি ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে তদন্তে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।