ফরিদপুরের সদরপুর উপজেলা উপজেলার সতের রশি মধ্যপাড়া গ্রামে দিনের বেলায় এক প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (৯ মে) উপজেলার সদর ইউনিয়নের সতের রশি গ্রামের বাসিন্দা কাতার প্রবাসী সুরুজ মোল্যার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে পরিবারের সদস্যরা পাশের গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে বৌভাত খেতে যান। দুপুর আড়াইটার দিকে বাড়িতে ফিরে এসে তারা ঘরের দরজা খোলা এবং ভাঙা তালা মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে ঘরের ভেতরে গিয়ে দেখা যায়, দুটি কক্ষের কাঠের আলমারি ও স্যুটকেস ভাঙচুর করে মালামাল এলোমেলো করে রাখা হয়েছে।
প্রবাসী সুরুজ মোল্যার স্ত্রী রুমা আক্তার বলেন, আমার কিছু নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিল, সেগুলো নিয়ে গেছে। দরজার তালা ভেঙেছে, আলমারি ও স্যুটকেস ভেঙেছে, সব মালামাল তছনছ করেছে। দিনের বেলায় এমন ঘটনা আমি কল্পনাও করতে পারিনি।
প্রতিবেশী শাহিন খন্দকার বলেন, দিনের বেলায় মুহূর্তের মধ্যে তালা ভেঙে এভাবে দুঃসাহসিক চুরি আমাদের হতবাক করেছে। এটি সংঘবদ্ধ চোর চক্রের কাজ বলে মনে হচ্ছে।
এ বিষয়ে সদরপুর থানা-র অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।