আলফাডাঙ্গায় যুবকের রহস্যজনক মৃত্যু: তদন্তে পুলিশ


ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজ রোড এলাকার বাসিন্দা আরমানুজ্জামান রাজু (৩০) নামে এক যুবকের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে এলাকায় দেখা দিয়েছে রহস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে নিজ বসতঘর থেকে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহননের পথ বেছে নিয়ে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কেউই নিশ্চিত নন।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ময়নাতদন্তের প্রতিবেদন ও পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে। তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

মাত্র ৩০ বছর বয়সী রাজুর আকস্মিক মৃত্যুতে সরকারি কলেজ রোড এলাকাসহ পুরো পৌরসভায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও বন্ধুমহলে চলছে শোকের মাতম।


Copyright (c) 2019-2026 bzamin24.com