খাল খনন কর্মসূচি সফল হলে কৃষক কাজের পানি পাবে এতে দেশের ফসল উৎপাদন বাড়বে মন্তব্য করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, খাল খননের মাধ্যমে কৃষক একদিকে যেমন বিনামূল্যে পানি পাবে অন্যদিকে স্বল্পমূল্যে সার-ঔষধ প্রদানের পরিকল্পনা রয়েছে সরকারের। যার ফলে দেশের কৃষিতে বিপ্লব ঘটবে।
শুক্রবার দুপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার নদীয়ার চাঁদ এলাকায় খাল খনন কাজের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ২০০৮ সালের পরে এদেশে কোন শান্তিপূর্ণ বা সুষ্ঠু নির্বাচন হয়নি। বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে নির্বাচনের আগের দিন, দিনের বেলা অর্ধেক ভোটার রাতের বেলা বাকি অর্ধেক ভোট সম্পন্ন করেছে। ডিসি এসপিদের ভোট কাটতে বাধ্য করা হয়েছে।
সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দান করলে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেন, গুপ্তরাই তেল নিয়ে তেলেসমতী কারবার করছে। তারা নানাভাবে তেল রিজার্ভ করে কৃত্রিম সংকট তৈরি করছে। তারেক রহমানের সরকারকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবেই গুপ্তরা এসব করছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী নদীয়ার চাঁদ এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।