সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মেয়েদের স্কুল থেকে ঝরে পড়ার সম্ভাব্য ঝুঁকি এড়াতে স্কুল ম্যানেজমেন্ট কমিটি (এসএমসি), প্যারেন্টস-টিচার্স অ্যাসোসিয়েশন (পিটিএ) এবং মাধ্যমিক বিদ্যালয়ের আর্থিক স্কিমগুলোতে মেয়েদের প্রবেশাধিকারের বিষয়ে শিক্ষকদের সংবেদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে Malala Fund-এর অর্থায়নে ও ইরা সংস্থা-র বাস্তবায়নে এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক-৭ এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় মূল বিষয়ের ওপর বিস্তারিত উপস্থাপন করেন ইরা সংস্থার ইভালুয়েশন অ্যান্ড মনিটরিং অফিসার মো. ফজলুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান।
কর্মশালায় বিশ্বম্ভরপুর উপজেলায় ঝরে পড়া মেয়ে শিক্ষার্থীদের সার্বিক শিক্ষা কার্যক্রম উন্নয়নে বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি বাস্তবায়নের লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
কর্মশালায় সহযোগিতা করেন ইরা সংস্থার ফিল্ড ফ্যাসিলিটেটর নিলুফার ইয়াসমিন ও ফারজানা জান্নাত। আলোচনায় অংশগ্রহণ করেন ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, সাতগাঁও শাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ আলম, সৈয়দ আকরাম হোসেনসহ প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা।