জাহাজ প্রতীক নিয়ে পায়ে হেঁটে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া চাইছেন দোলন


ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আরিফুর রহমান দোলন জাহাজ প্রতীক নিয়ে পায়ে হেঁটে গ্রাম থেকে গ্রামে, হাটবাজার থেকে অলিগলিতে গিয়ে সরাসরি ভোটারদের দ্বারে দ্বারে উপস্থিত হয়ে ভোট ও দোয়া চাইছেন।

গণসংযোগকালে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত সমাজ গড়া, টেন্ডারবাজি ও মামলা বাণিজ্য বন্ধ এবং সাধারণ মানুষের সম্মান ও মর্যাদা রক্ষার লক্ষ্যে জাহাজ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

নির্বাচনের মাঠে যখন বড় রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ ও মিছিল নিয়ে ব্যস্ত, তখন দোলন ব্যতিক্রমী কৌশলে সরাসরি সাধারণ মানুষের কাছে গিয়ে নিজের বার্তা পৌঁছে দিচ্ছেন। এতে করে ভোটারদের মধ্যেও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

ফরিদপুর-১ আসনটি বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত। এখানে প্রায় পাঁচ লক্ষাধিক ভোটার রয়েছে। এ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গণসংযোগ প্রসঙ্গে আরিফুর রহমান দোলন বলেন,আমি সভা-সমাবেশ ও মিছিলের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি মানুষে মানুষে সরাসরি যোগাযোগে। তাই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের মূল্যবান ভোট ও দোয়া প্রার্থনা করছি।

তিনি আরও বলেন, এই আসনের মানুষের সম্মান ও মর্যাদা রক্ষা করাই আমার প্রধান লক্ষ্য। আমি চাই না কেউ হয়রানিমূলক মামলার শিকার হয়ে ভোগান্তিতে পড়ুক।


Copyright (c) 2019-2026 bzamin24.com