সদরপুর মডেল মসজিদে কুরআন হাতে নিলো শিক্ষার্থীরা


ফরিদপুরের সদরপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে কুরআন শিক্ষার শুভ সূচনা হয়েছে। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন তুলে দেওয়া হয়।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় সদরপুর উপজেলা মডেল মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন শিক্ষক মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী। এ সময় শিক্ষার্থীদের পবিত্র কুরআনের প্রথম পাঠ প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রেজাউল করিম, ফিল্ড সুপারভাইজার; আলহাজ্জ মাওলানা আমির হোসেন, পেশ ইমাম, উপজেলা পরিষদ জামে মসজিদ, সদরপুর; এবং মাওলানা কারী সবুজ, মুয়াজ্জিন, সদরপুর উপজেলা মডেল মসজিদ।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, শিশুদের নৈতিকতা ও চরিত্র গঠনে কুরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম। শৈশবকাল থেকেই কুরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুললে ভবিষ্যতে আদর্শ ও নৈতিক মানবসম্পদ গড়ে উঠবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে সদরপুর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতী রেজাউল করিম দেশ, জাতি ও শিক্ষার্থীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ ও স্থানীয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com