ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র জমা


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সম্পাদক আরিফুর রহমান দোলন।

সোমবার বিকেলে আলফাডাঙ্গা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর কাছে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন স্ত্রী ডা. মাফরুহা রহমান।

এ তথ্য নিশ্চিত করে সহকারী রিটার্নিং অফিসার রিফাত নূর মৌসুমী বলেন, বিকাল ৪টার আগমুহূর্তে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের পক্ষে তার স্ত্রী মনোনয়নপত্র দাখিল করেন।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আরিফুর রহমান দোলন ৮৪ হাজার ৯৮৯ ভোট পেয়েছিলেন। স্থানীয় পর্যায়ে তার রয়েছে উল্লেখযোগ্য পরিচিতি ও গ্রহণযোগ্যতা।

দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকা আরিফুর রহমান দোলন বর্তমানে ঢাকাটাইমস পত্রিকা ও সাপ্তাহিক এই সময়-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি আমাদের সময় পত্রিকার নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন-এর উপসম্পাদক এবং প্রথম আলো-এর ডেপুটি চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বাংলাভিশন টেলিভিশনেও কাজ করেছেন।

তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও জাতীয় প্রেসক্লাবের সদস্য।

এছাড়াও সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে তিনি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে ফাউন্ডেশনটি শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

ফাউন্ডেশনের ব্যানারে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, অসহায় পরিবারকে আর্থিক ও নৈতিক সহায়তা প্রদান, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ এবং বিভিন্ন দুর্যোগে ত্রাণ কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। বিশেষ করে স্থানীয় পর্যায়ে অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়াই এই ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য।


Copyright (c) 2019-2026 bzamin24.com