নকল ক্লিনার ও হ্যান্ডওয়াশ তৈরির দায়ে কারখানা মালিককে জরিমানা


লাইসেন্সবিহীনভাবে বিএসটিআইয়ের লোগো ও ভুয়া বারকোড ব্যবহার করে নকল টয়লেট ক্লিনার, টাইলস ক্লিনার ও হ্যান্ডওয়াশ উৎপাদনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি কারখানার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ মোড় এলাকায় অবস্থিত বিজয় কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

জানা যায়, ওই কারখানাটি উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর এলাকার হান্নান বেপারীর ছেলে আরাফাত হোসেন বিজয় (১৯) মালিকানাধীন। তিনি কোনো প্রকার বিএসটিআই অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের লোগো ও ভুয়া বারকোড ব্যবহার করে নকল টয়লেট ক্লিনার, টাইলস ক্লিনার ও হ্যান্ডওয়াশ উৎপাদন ও বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানকালে বিভিন্ন কেমিক্যালের বোতল, জার ও প্যাকেট উদ্ধার করা হলেও উৎপাদন কার্যক্রম তদারকির জন্য প্রয়োজনীয় কারিগরি ডিগ্রিধারী কোনো কর্মীকে পাওয়া যায়নি। পাশাপাশি নকল পণ্য বাজারজাতের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিককে জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ও ভুয়া বারকোড ব্যবহার করে নকল পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী বিজয় কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে সদরপুর উপজেলায় অভিযান অব্যাহত থাকবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com