সদরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত


দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স নিয়ে গড়বো স্বদেশএই প্রতিপাদ্যে ফরিদপুরের সদরপুর উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে এবং প্রকল্প কর্মকর্তা নুরুন্নাহার বেগমের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন, কৃষি কর্মকর্তা নীটুল রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা নবনীতা নন্দী, ব্র্যাক মাইগ্রেশনের মামুনুর রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, রেমিট্যান্স যোদ্ধারাই দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। প্রশিক্ষণ নিয়ে বৈধ চ্যানেলে বিদেশে গেলে প্রবাসীরা দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারবেন। তিনি বলেন, প্রশিক্ষণ ছাড়া ও দালালের মাধ্যমে অবৈধভাবে বিদেশ যাওয়ার কারণে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন এবং নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলছেন।

তিনি দালালের খপ্পরে না পড়ে বৈধ উপায়ে প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশ গমনের আহ্বান জানান এবং সদরপুরে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের পরিকল্পনার কথাও জানান।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, বিদেশফেরত কর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com