আলফাডাঙ্গায়  যুবদল নেতা জনতার হাতে লাঞ্ছিত, বহিষ্কারের দাবি


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নে ভূমি সংক্রান্ত একটি সালিশ বৈঠকে যুবদলের আহ্বায়ক শাহিন স্থানীয় জনগণের হাতে প্রহৃত হয়েছেন। এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় বানা ইউনিয়ন বিএনপি শাহিনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কারের জোর দাবি জানিয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বানা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রতন হাদী তার স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠ করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আলফাডাঙ্গা থানা গোলঘরে একটি জমি সংক্রান্ত বিরোধের সালিশ বৈঠক চলাকালে ভূমিদস্যু শাহিন জনতার রোষানলে পড়েন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, শাহিন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমানের পক্ষে কাজ করেছিলেন। সে সময় তিনি সোনা চুরির অভিযোগে দীর্ঘদিন এলাকার বাইরে পলাতক ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয় যে, আওয়ামী লীগের আমলে জিল্লুর রহমান বিএনপি নেতা-কর্মীদের ওপর অমানবিক অত্যাচার ও নির্যাতন করেছেন এবং পুলিশ দিয়ে তাদের হয়রানি করেছেন। গত ৫ আগস্ট, ২০২৪ তারিখের পর সুযোগসন্ধানী শাহিন জিল্লুর রহমানের সঙ্গ ত্যাগ করে নিজে জমি দখল, সালিশ-বাণিজ্য, জমি জালিয়াতি, স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে খাদ্যবান্ধব ডিলারশিপ পাওয়ার চেষ্টা এবং এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিলেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com