হাতে মেহেদির রং না শুকাতেই না ফেরার দেশে চলে গেলেন মুন


ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় নাজিম মোস্তফা নোবেল মুন (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ রোববার (১০ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নাজিম মোস্তফা নোবেল মুন উপজেলার সদর ইউনিয়নের সতেররশি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৯ আগস্ট শনিবার রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলার ডাক্তার বাজার এলাকায় একটি বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক মুন দুর্ঘটনা এড়াতে সজোরে ব্রেক কষলে মোটরসাইকেলটি উল্টে পড়ে যায় এতে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে আটরশি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

পরিবার সূত্রে জানা যায়, নিহত মুন সপ্তাহখানেক আগে বিয়ে করেন। হাতে মেহেদির রং না শুকাতেই না ফেরার দেশে চলে গেলেন। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় মুনের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com