বাল্যবিবাহের কবল থেকে রক্ষা পেল এসএসসি পরীক্ষার্থী


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ১৬ বছর বয়সী এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে বাল্যবিবাহের কবল থেকে রক্ষা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার বানা ইউনিয়নের দক্ষিণ শিরগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বিবাহ বন্ধ করে মেয়ের মায়ের মুচলেকা নেওয়া হয়েছে এবং বর পক্ষকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানাগেছে, মেয়েটি এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন। তার বাবা একজন প্রবাসী। ওই মেয়েটির সঙ্গে পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চরঝামা গ্রামের এক ছেলের বিয়ের কথা ছিল।

এ উপলক্ষে মঙ্গলবার রাতে গায়েহলুদ ও বুধবার ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়। শতাধিক বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে বিয়ে করতে হাজির হন বর। খবর পেয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বাল্য বিয়ের আয়োজন বন্ধ করে দেন স্থানীয় প্রশাসন।

এ বিষয়ে আলফাডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান বলেন, বাল্য বিবাহের খবর পেয়ে বিয়ে বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করেন তার মা। এ সময় ছেলে পক্ষকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com