আলফাডাঙ্গায় ৩ দিনব্যাপী ভূমি মেলা সম্পন্ন 


নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি প্রতিপাদ্যেকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি মেলা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭মে) বিকেলে উপজেলা মিনি হল রুমে এক আলোচনা সভার মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটে।

তিন দিনব্যাপী ভূমি মেলার ২য় দিন সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন । পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।

ইউএনও রাসেল ইকবাল বলেন, অনলাইনের মাধ্যমে মানুষের জন্য জমিজমা সংক্রান্ত কার্যক্রম সহজ করা হয়েছে। আগে জমি সংক্রান্ত আবেদন বা অন্য কাজ নিষ্পত্তি হতো তিন মাসে। এখন ২৮ দিনে এসব আবেদন নিষ্পত্তি করা হচ্ছে। অনলাইন কার্যক্রমের মাধ্যমে সরকারি ও মালিকানা জমি জটিলতা কমিয়ে আনা হয়েছে।

জমি কেনার আগে অনলাইনে জমির সঠিক কাগজপত্র যাচাইবাচাই করে নেয়া যাচ্ছে। কেউ ভুয়া কাগজপত্র দিয়ে জমি বিক্রি করে প্রতারণা করতে পারবে না।

তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে এই মেলার আয়োজন করা হয়েছে। ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, রেকর্ড সংশোধন, অনলাইন পর্চা ও নকশা প্রদানসহ নানা কার্যক্রম এক ছাতার নিচে চালু রাখা হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভবেন বাইন, উপজেলা প্রকৌশলী রাহাত ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন দফতর প্রধান, উপজেলা, পৌর ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান সমাপনী বক্তব্যে তিনি বলেন, ভূমি সেবায় ডিজিটালাইজেশন এখন বাস্তবতা। সব সেবা এখন অনলাইন ও ক্যাশলেস। তবে যারা এখনো ডিজিটাল সেবায় অভ্যস্ত নন, তাদের জন্যই মূলত এই মেলার আয়োজন।


Copyright (c) 2019-2026 bzamin24.com