আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনায় মোটরসাইকেলে অগ্নিসংযোগ, আহত ১


ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চুন্নু (৫৫) মোল্যা নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলার বানা ইউনিয়নের চর বেলবানা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার চর বেলবানা গ্রামের ওবায়দুর শেখ তার জমি থেকে পাকা ধান কেটে তা বাড়িতে আনছিলেন। এ সময় ওই ধান একই গ্রামের প্রতিবেশী চুন্নু মোল্যার পাটক্ষেতের ভেতর দিয়ে আনার কারণে পাটের চারাগাছ কিছুটা নষ্ট হয়। এ নিয়ে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চুন্নু মোল্যা ও তার চাচাতো ভাই খোকন মোল্যার সঙ্গে ওবায়দুর শেখ ও আকিবুল ইসলামের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে চুন্নু মোল্যা গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে, এ ঘটনার জেরে একই দিন দুপুর ১টার দিকে খোকন মোল্যার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল ওই গ্রামের সোনা মিয়ার বাড়ির উত্তর পাশে থাকা প্রতিপক্ষ ওবায়দুর শেখ, তার ভাই আকিবুল শেখ ও চাচাতো ভাই শফিকুল ইসলাম চঞ্চলের ব্যবহৃত তিনটি মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

জানতে চাইলে ক্ষতিগ্রস্ত আকিবুল ইসলাম বলেন, এক বছর আগে কিস্তি তুলে ১ লাখ ৮১ হাজার টাকা দিয়ে একটি ডিসকভার মোটরসাইকেল কিনেছিলাম। গত রবিবারেই ওই মোটরসাইকেলের কিস্তির ৭৫ হাজার টাকা পরিশোধ করেছি। আমার কষ্টের কেনা মোটরসাইকেলটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু আমারটাই না, আমার দুই ভাইয়ের আরও দুটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমার ভাই ওবায়দুর শেখ ধান কেটে চুন্নু শেখের পাটক্ষেতের আইল দিয়ে তা বাড়িতে আনছিলেন। এতে কিছু পাটগাছ নষ্ট হয়। এই অভিযোগ তুলে চুন্নু শেখের লোকজন ক্ষিপ্ত হয়ে আমার ভাইকে মারধর করে।

মোটরসাইকেল পুড়ানোর বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত খোকন মোল্যা বলেন, কে বা কারা মোটরসাইকেল পুড়িয়েছে, তা আমার জানা নেই। আমাদের কেউ তাদের মোটরসাইকেল পুড়ায়নি। বরং তারা আমার চাচাতো ভাইকে একা পেয়ে মারধর করে রক্তাক্ত করেছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুড়ে যাওয়া তিনটি পুড়ে যাওয়া মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com