নগরকান্দায় ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ 


ফরিদপুরের নগরকান্দায় ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ি এলাকায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজনের নাম সাজ্জাদ খাঁ (২৫)। তিনি ফরিদপুরের মধুখালীর ব্রাহ্মণকান্দীর আলেফ খানের ছেলে। সাজ্জাদ দুর্ঘটনাকবলিত বাসের হেলপার ছিলেন বলে জানা গেছে। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ফরিদপুর থেকে আলিফ-মিম নামে একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। পথে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ি এলাকায় ওই বাসটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে পড়ে যায় এবং ট্রাকটি দুমড়েমুচড়ে যায়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, সংবাদ পেয়ে নগরকান্দা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ মৃতদেহের সুরতাহাল সহ আনুসঙ্গিক কার্যক্রম করবে । বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে ।


Copyright (c) 2019-2026 bzamin24.com