সাজেকে অপহরণের শিকার সেই ঢাবি ছাত্রী উদ্ধার


রাঙামাটির সাজেকে বেড়াতে যাওয়ার পথে অপহরণ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বীপিতা চাকমাকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর পুলিশ সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রাঙামাটির পুলিশ সুপারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজেক থানা পুলিশ অভিযান চালিয়ে বুধবার আনুমানিক সন্ধ্যা ৭টায় সাজেক থানার দাঁড়িপাড়া বনোআদম নামক স্থান থেকে অপহৃত ছাত্রীকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে, দুপুর সোয়া ১২টার দিকে বন্ধুদের সঙ্গে সাজেকে বেড়াতে যাওয়ার পথে অপহরণ হন দ্বীপিতা চাকমা। রুইলুইপাড়া পর্যটনকেন্দ্রের কাছে জিরো মাইল এলাকা থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার বন্ধুরা সাজেকে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানান। এরপরই তাকে উদ্ধার করতে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

দ্বীপিতা চাকমা খাগড়াছড়ি সদর উপজেলার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।


Copyright (c) 2019-2026 bzamin24.com